ভারত থেকে আসছে ৫ হাজার টনের বেশি কাঁচামরিচ, কমতে পারে দাম
দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় নয় মাস পর ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দর দিয়ে প্রথম ধাপে ৫ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানি হবে। এতে বাজারে দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সোমবার (৩ আগস্ট) হিলি উদ্ভিদ সংগনিরোধ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচামরিচের উৎপাদন কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। হিলি বাজারেও প্রকারভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সরকারি অনুমতির পর হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি প্রতিষ্ঠান কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়েছিল।
হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। ভারত থেকে কাঁচামরিচ আসা শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে।
একজন আমদানিকারক জানান, প্রয়োজনীয় আমদানি অনুমতিপত্র (আইপি) পাওয়ার পর মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই ভারত থেকে কাঁচামরিচ দেশে আসা শুরু হবে।
হিলি উদ্ভিদ সংগনিরোধ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, বর্তমানে ১৬ জন আমদানিকারক ৫ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। প্রয়োজন হলে এই পরিমাণ আরও বাড়ানো হতে পারে।
মতামত দিন