Views Bangladesh Logo

ঈদের পর বিসিএস: ছুটিতেও হলে ঢাবির পাঁচ শতাধিক শিক্ষার্থী

'স্বপ্ন টানে বাড়ি আমার' গানের সুরে গুণ গুণ করতে করতে চেনা গ্রামমুখী হচ্ছেন ঢাকাবাসী। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ  শতাধিক শিক্ষার্থী নিজেদের স্বপ্ন পূরণে পড়ার টেবিলে ডুবে আছেন।


৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। বিসিএস ও একাডেমিক পরীক্ষা থাকায় এবারও অনেক শিক্ষার্থী ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন।


পরিবারের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা থাকলেও ভবিষ্যৎ গঠনে তারা এই আনন্দ সাময়িক বিসর্জন দিচ্ছেন বলে জানান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. বিল্লাল। তিনি জানান, বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে গ্রামে না গিয়ে হলে ঈদ করবেন।


বিল্লাল বলেন, 'প্রতিবার গ্রামে ঈদ করি, সামনেও করবো। কিন্তু এবার পরীক্ষার প্রস্তুতি নিতে ক্যাম্পাসে থাকার সিদ্ধান্ত নিয়েছি,  যেন ভবিষ্যতে আরও আনন্দঘন ঈদ উদযাপন করতে পারি'।


বিভিন্ন সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ১২জন, অমর একুশে হলে ১০ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ১০ জন, স্যার এ এফ রহমান হলে ৬০ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১৭ জন, শেখ মুজিব হলে ২৩ জন, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ১৭ জন, ফজলুল হক মুসলিম হলে ১০০ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৫৮ জন, রোকেয়া হলে ৩১ জন, কবি জসীম উদ্দিন হলের ৫০ জন শিক্ষার্থী হলেই ঈদ কাটাবেন। অন্য হলগুলোতেও অনেক শিক্ষার্থী অবস্থান করবেন।

সব মিলিয়ে ১৮টি হলের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী ঈদে বাড়ি যাচ্ছেন না।


বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে থাকা শিক্ষার্থীদের জন্য ঈদের বিশেষ খাবারের ব্যবস্থা করেছে। সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া বলেন, 'আমাদের হলে ১০-১২জন শিক্ষার্থীর তালিকা পেয়েছি, যারা এবার হলে ঈদ উৎযাপন করবেন। তাদের জন্য সকালে সেমাইয়ের সাথে ডিম খিচুড়ি থাকবে। দুপুরে থাকবে মুরগির রোস্ট, পোলাও, গরুর মাংস সাথে কোমল পানীয়। একেক হল একেক খাবারের মেনি ঠিক করেছে। আমি আমার শিক্ষার্থীদের জন্য এটা করার সিদ্ধান্ত নিয়েছি'।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ