বরিশালে বিপিএল উৎসবে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর, আহত অর্ধশতাধিক
বরিশালে বিপিএলের শিরোপা জয়ের উৎসবে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর ও হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে যায় শিরোপা জয়ের উৎসব। এ ঘটনায় সংবাদকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) নগরীর বেলস পার্ক মাঠে এই ঘটনা ঘটে। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় উপলক্ষে উৎসবটির আয়োজন করা হয়েছিল।
অভিযোগ উঠেছে, আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে এ ঘটনা ঘটেছে।
ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কনসার্ট হওয়ার কথা ছিল। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা ছিল না। শেষ পর্যন্ত কিছুই হয়নি। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি।
গত শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে টিম ফরচুন বরিশাল। আজ দুপুরে আকাশপথে দলের সদস্যদের নিয়ে বিমানবন্দরে এসে পৌঁছায় চলতি বছরের শিরোপা ট্রফি।
এদিকে বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনি ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান দলের খেলোয়াড়সহ কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে