হবিগঞ্জে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই পক্ষের নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন।
বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরে স্থানীয়রা ও সংশ্লিষ্টরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। গুরুতর আহত কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে দু’দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ২-০ গোলে ব্রাজিল হেরে গেলে ধারাভাষ্যকার মাইকে ঘোষণা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। বুধবার (৩ জুন) সকালে উভয়পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। পরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে