ঈদযাত্রা: চন্দ্রা এলাকায় অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চলগামী যাত্রীদের ভোগান্তি ও যানজট কমাতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
শনিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার রহমত উল্লাহ।
জানা গেছে, ঈদের কয়েকদিন আগেই উত্তরাঞ্চলগামী বাসের অধিকাংশ আগাম টিকিট বিক্রি হয়ে যায়। ফলে চন্দ্রা বাস টার্মিনালে থাকা বিভিন্ন পরিবহনের অর্ধশতাধিক কাউন্টারে যাত্রীরা টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন।
এছাড়া ঈদের আগে অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি ও যাত্রী হয়রানির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী কাউন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
উত্তরাঞ্চলের বেশিরভাগ বাস ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে চন্দ্রায় আসে। কিন্তু সীমিত আসনের কারণে সেখানে পরিবহন সংকট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কাউন্টারের বাইরেও বিভিন্ন পরিবহন সেবা চালু হয়। অনেক যাত্রী বাস ছাড়াও ট্রাক ও পিকআপে করেও উত্তরের ২৬ জেলায় যাতায়াত করেন।
চন্দ্রা এলাকার হানিফ পরিবহনের কাউন্টার মালিক আব্দুল মান্নান বলেন, কাউন্টার খোলা থাকলে বাসগুলো রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে, এতে যানজট তৈরি হয়। তাছাড়া ঈদের আগে কাউন্টারগুলোতে কোনো টিকিটও পাওয়া যায় না। তাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে অরিন ট্রাভেলসের প্রতিনিধি ফজলুল ইসলাম জানান, ঈদের আগেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। অনেক যাত্রী মনে করেন, কাউন্টারের বাইরে চলাচলরত বাসে তুলনামূলক কম ভাড়া লাগে। এ কারণে সড়কে দাঁড়িয়ে দরদাম করে বাসে ওঠার প্রবণতা বাড়ে।
পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৬ শতাধিক পুলিশ ও স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবেন। আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে।
তিনি আরও বলেন, সড়কের অবকাঠামোগত সমস্যার সমাধান তাদের হাতে না থাকলেও যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
যাত্রীদের ভাড়া ও পরিবহনসংক্রান্ত হয়রানির অভিযোগ থাকলে সরাসরি পুলিশ বক্সে জানানোর আহ্বানও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে