৪০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন: এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে থাকা বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার পক্ষ থেকে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। গত বছরের ৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্নে রেজিস্ট্রেশন করেছেন এবং ৪০ লাখের বেশি ইতিমধ্যে দাখিল করেছেন।
চলতি অর্থবছরের বিভিন্ন মাসে দাখিলের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এ বছরের আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বর ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন, জানুয়ারি ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারি ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
এবার দাখিলকৃত ই-রিটার্নে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন। এর মধ্যে বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী, বাড়িভাড়া খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ এবং ৮৪ হাজার ৪৭৭ জন নারী করদাতা।
করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন পুরুষ এবং ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী। ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ এবং ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ এবং ৪৭ হাজার ৫৩২ জন নারী। ২০ লাখ থেকে ৪০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ এবং ১১ হাজার ৪৫৫ জন নারী। ৪০ লাখের বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ এবং ৫ হাজার ১১৭ জন নারী।
সম্পদের পরিমাণে সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ক্ষেত্রেও ই-রিটার্ন সহজ হয়েছে। তারা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ তথ্য ই-মেইলে পাঠিয়ে রেজিস্ট্রেশন ও ওটিপি সংগ্রহ করতে পারছেন।
কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে করদাতারা ঘরে বসে অনলাইনে কর পরিশোধ ও স্বয়ংক্রিয়ভাবে রিটার্নের প্রাপ্তি ও আয়কর সনদ প্রিন্ট করতে পারছেন। ই-রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুবিধাও রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড কল সেন্টার ও ই-ট্যাক্স সার্ভিসের মাধ্যমে করদাতারা সহায়তা পাচ্ছেন। জরিমানা এড়াতে ৩১ মার্চের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য করদাতাদের বিনীত অনুরোধ জানিয়েছে এনবিআর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে