তিন মাসে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার, অন্যান্য মামলায় ১ লাখের বেশি
দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত তিন মাসে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট গ্রেপ্তার হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৯২টি বন্দুক, ৩৮টি এলজি, ৩৫টি শুটারগান, ১৯টি রিভলবার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি এবং একটি পেনগান।
এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ও মাদকজাতীয় দ্রব্য।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদক-সংক্রান্ত অপরাধে ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন