এক বছরে ২৭ হাজারের বেশি অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫৭০ কোটি টাকা: ফায়ার মার্ভিস
গত এক বছরে দেশে মোট ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৫৬৯ কোটি ৯৭ লাখ টাকার সম্পদহানি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে, যা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন গড়ে ৭৫টি অগ্নিকাণ্ড ঘটেছে। সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক গোলযোগ থেকে—মোট ঘটনার ৩৪ দশমিক ৭১ শতাংশ। এ ছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা, গ্যাস সিলিন্ডারের লিকেজ, শিশুদের আগুন নিয়ে খেলা, মশার কয়েল, উত্তপ্ত ছাই ও আতশবাজি থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আগুনের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে গত এক বছরে ৮৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৬৭ জন। আবাসিক ভবন ও রাসায়নিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেশি। একটি বিমান দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ১১৬ জন আহত হয়েছেন। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী নিহত ও ১৭ জন আহত হন।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের স্থান হিসেবে বাসাবাড়ি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে মোট ঘটনার প্রায় এক-তৃতীয়াংশ আগুন লেগেছে।
এ ছাড়া গত এক বছরে সারা দেশে ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩১৬টি ভবন ঝুঁকিপূর্ণ এবং ৬২২টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও ৬ হাজার ৫৯৫টি ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে