Views Bangladesh Logo

২৮ ঘণ্টা ধরে রোমে আটকা বিমানের যাত্রীরা, বাংলাদেশ থেকে যাচ্ছে প্রকৌশলী দল

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ২৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন কানাডার টরন্টো ও রোম থেকে ঢাকাগামী বিমানের যাত্রীরা। ত্রুটি মেরামতে বাংলাদেশ থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (৭ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়। শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি উড্ডয়ন করতে পারেনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ত্রুটির কারণে উড়োজাহাজটি বর্তমানে উড্ডয়নের অনুপযোগী অবস্থায় রয়েছে। কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বাংলাদেশ থেকে রোমে পাঠানো হচ্ছে। এসব নিয়ে ‘আগস্ট’ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে।

বিমান কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করা গেলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসতে পারে। সে ক্ষেত্রে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এই সময়সূচি অনুযায়ী, যাত্রীদের মোট প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হতে পারে। ফ্লাইটটিতে মোট ২৬০ জন যাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহও ফ্লাইট জটিলতায় ইতালির রোমে আটকা পড়েছেন।

শুক্রবার কানাডার টরন্টো থেকে ঢাকায় আসার পথে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি আর নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারেনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ