Views Bangladesh Logo

গাজা নিয়ে তথ্যচিত্র ‘নাজা’র নির্মাতাদের পাশে ইসরাইলের দুই শতাধিক চলচ্চিত্র নির্মাতা

গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বিভিন্ন দিক নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’র নির্মাতা ইউভাল আব্রাহাম ও রাচেল জোরের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরাইলের দুই শতাধিক চলচ্চিত্র নির্মাতা। এ বিষয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন দেশটির চলচ্চিত্র অঙ্গনের বহু পরিচিত ব্যক্তিত্ব। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

পিটিশনে স্বাক্ষরকারীদের তালিকায় পরিচালক অরি ফোলম্যান ও শ্লোমি এলকাবেটজের মতো খ্যাতিমান নির্মাতারাও রয়েছেন। এতে বলা হয়েছে, শিল্প ও সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। নির্মাতাদের দাবি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নিয়ে মতবিরোধ থাকলেও সৃষ্টিশীল কাজের কারণে কাউকে হুমকি বা হয়রানির মুখে পড়া উচিত নয়।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে ‘নাজা’ বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর থেকেই এর দুই নির্মাতা সমালোচনা ও হুমকির মুখে পড়েন। তাদের প্রতি সংহতি জানাতেই ইসরাইলি চলচ্চিত্র নির্মাতারা পিটিশনে একত্রিত হয়েছেন। তথ্যচিত্রটিতে গাজায় ইসরাইলি সেনাবাহিনীর সামরিক কার্যক্রম এবং হামলার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্রটির নাম ‘নাজা’ হিব্রু ভাষার একটি শব্দ, যা কোনো সামরিক হামলায় সম্ভাব্য বেসামরিক প্রাণহানি বা ‘কোলাটারাল ড্যামেজ’ বোঝাতে ব্যবহৃত হয়। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হামলার লক্ষ্য নির্ধারণ এবং বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কা থাকা সত্ত্বেও সামরিক অভিযান চালানোর মতো গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে।

এদিকে তথ্যচিত্রে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের বক্তব্য, বেনামি সূত্রের ওপর ভিত্তি করে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব নয়। সেনাবাহিনীর দাবি, হামলার সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নেয় না; বরং সামরিক নীতিমালা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে মানুষই এসব সিদ্ধান্ত নিয়ে থাকে।

অন্যদিকে ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর তথ্যচিত্রটির নির্মাতাদের সমর্থনকারী চলচ্চিত্র নির্মাতাদের অবস্থানকে ‘দেশদ্রোহিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন। তবে দেশটির আইনি কাঠামো অনুযায়ী সংস্কৃতিমন্ত্রীর একক সিদ্ধান্তে কারও নাগরিকত্ব বাতিল করা সম্ভব নয়। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আদালতের মাধ্যমে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। উল্লেখ্য, ‘নাজা’র নির্মাতা ইউভাল আব্রাহাম ও রাচেল জোর এর আগে ফিলিস্তিনি নির্মাতাদের সঙ্গে যৌথভাবে অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ নির্মাণ করেছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ