দেশে নতুন আসা রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ছাড়ালো
২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত নতুন করে আগত ও নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৯ জন। এর মধ্যে গত মে মাসে ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা নতুন আগত হিসেবে নিবন্ধিত হয়েছেন। অর্থাৎ এই সংখ্যক রোহিঙ্গা নতুন করে এক মাসে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। গত মার্চে নতুন নিবন্ধিত মোট সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জন।
সোমবার (১৫ জুন) মাসিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউএনএইচসিআর। এ ছাড়া ক্যাম্পগুলোতে মোট ১১ লাখ ৯৭ হাজার ৪১১ জন রোহিঙ্গা চিহ্নিত করা গেছে।
ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যভিত্তিক সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছেন। গত ৩১ মে পর্যন্ত ইউএনএইচসিআর ১০ লাখ ৪৫ হাজার ৩৮২ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে— যারা ১৯৯০ এবং ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে ৩৯ হাজার ৭৩৭ জন ১৯৯০ সালের পর এসেছেন এবং ১০ লাখ ৫ হাজার ৬৪৫ জন ২০১৭ সালের পর এসেছেন।
প্রতিবেদন বলছে, রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে নতুন শরণার্থীরা বাংলাদেশে নিরাপত্তার সন্ধান অব্যাহত রেখেছেন। ফলস্বরূপ, ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি ঢেউ চিহ্নিত করা হয়েছিল এবং তাদের বায়োমেট্রিক শনাক্তকরণ চলছে।
শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী এবং শিশু, যেখানে ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি, একক পিতামাতা, গুরুতর চিকিৎসা প্রয়োজন রয়েছে এমন ব্যক্তি, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক, ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তি এবং অন্যরা আইনি ও শারীরিক সুরক্ষার প্রয়োজনে রয়েছেন।

মতামত দিন