Views Bangladesh Logo

মেঘনার চরে ঘুরতে গিয়ে আটকা পড়েছেন দেড় শতাধিক পর্যটক

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়েছেন দেড় শতাধিক পর্যটক, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা ফিরে আসতে পারেননি। খবর পেয়ে তাদেরকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকাযোগে চর আব্দুল্লাহতে বেড়াতে যান নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক পর্যটক। সেখানে পৌঁছানোর পরপরই শুরু হয় ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে মেঘনা নদী উত্তাল হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে তাদের আর ফেরা হয়নি।

চরে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। তিনি আরও জানান, বর্তমানে নদীতে ভাটা থাকায় জোয়ারের অপেক্ষা করা হচ্ছে। জোয়ার এলে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।

জানা গেছে, ঈদকে ঘিরে প্রতিদিন মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসেন লক্ষ্মীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। স্থানীয়দের কাছে এই স্থানটি “মিনি কক্সবাজার” নামেও পরিচিত। বেড়িবাঁধের পাশাপাশি নদীবেষ্টিত চরেও ঘুরতে যান অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ