প্রচণ্ড গরমে মৃত হজযাত্রীর সংখ্যা বেড়ে ১,০৮১
এ বছর হজে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সৌদি আরবে চলমান প্রচণ্ড গরমের মধ্যে হজ আদায় করতে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,০৮১ জনে। তাদের মধ্যে অর্ধেকের বেশিই অনিবন্ধিত হজযাত্রী, যারা সৌদি আরবে হজ করতে এসেছিলেন।
এক আরব কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে নিহতদের মধ্যে ৫৮ জন মিশরের নাগরিক ছিল। সেই দেশ থেকে হজ করতে এসে নিহত ৬৫৮ জনের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত।
হজ আদায় করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় ১০টি দেশের ১,০৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার এএফপির বরাত দিয়ে ওই কূটনীতিক বলেন, নিহত মিশরীয় হজযাত্রীদের মৃত্যুর প্রধান কারণ ছিল গরম। যা উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সমস্যা সম্পর্কিত জটিলতা সৃষ্টি করেছিল।
মিশর ছাড়াও মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের হজযাত্রীদেরও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানায়নি।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ আদায়। যা সামর্থ্যবান সকল মুসলমানের জীবনে কমপক্ষে একবার হলেও পালন করতে হবে।
হজের সময় চন্দ্রমাসের ইসলামিক ক্যালেন্ডার দ্বারা নির্ধারিত হয়। এ বছর সৌদি আরবে চলমান তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের মধ্যে পড়ে হজের সময়।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এই সপ্তাহের শুরুতে মক্কার গ্র্যান্ড মসজিদে সর্বোচ্চ ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস (১২৫ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করে।
এর আগে গত মাসে প্রকাশিত সৌদি আরবের এক গবেষণায় দেখা যায়, প্রতি দশকে এ অঞ্চলের তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে।
প্রতি বছর হাজার হাজার হজযাত্রী নিবন্ধন ছাড়াই হজ পালনের চেষ্টা করেন। কারণ তারা সরকারের বেধে দেয়া ব্যয়বহুল খরচ বহন করতে পারেন না।
যদিও সৌদি আরব কর্তৃপক্ষ এই মাসের শুরুর দিকে মক্কা নগরী থেকে কয়েক হাজার অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দেয়ার কথা জানিয়েছিল। এর পরও এবারের হজে অনেক অনিবন্ধিত হজযাত্রী অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে