হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে হামলা-লুটপাট, আহত শতাধিক
মাইক দিয়ে ঘোষণা দিয়ে হবিগঞ্জের হরষপুর রেলস্টেশনের ব্যবসায়ী ও বাসিন্দাদের ওপর হামলা ও লুটতরাজের অভিযোগ উঠে এসেছে।
গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকালে মাধবপুরের হরষপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। খবর ইউএনবি।
জানা গেছে, এ ঘটনায় ২০ থেকে ৩০টি দোকান লুট হয়। এতে আহত হন শতাধিক মানুষ। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন- স্থানীয় শিয়ালুরি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ ও সুলতানপুর গ্রামের বাসিন্দা জামাল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বাসিন্দা। স্থানীয় হরষপুর মাদরাসার মসজিদের ইমাম নিয়োগের বিরোধকে কেন্দ্র করে কয়েকশ দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় হরষপুর রেলস্টেশন বাজারের অন্তত ৩০ থেকে ৪০ জন ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, “বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। খবর পাওয়ামাত্রই আমরা সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা চেয়েছিলাম। রেলওয়ে স্টেশনের ব্যারিয়ার পড়ে থাকার কারণে আমাদের আসতে কিছুটা দেরি হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে