Views Bangladesh Logo

গাজীপুরে পানি পান করে পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানায় খাবার পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার পর হঠাৎ করেই একে একে অনেক শ্রমিক বমি, মাথাব্যথা, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতাসহ নানা উপসর্গে আক্রান্ত হন। পরিস্থিতির অবনতি হলে সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।

ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

অসুস্থ শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন জানান, সকালে কারখানার সরবরাহকৃত খাবার পানি পান করার পরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের দাবি, একই সময়ে কারখানার ভেতরে অস্বাভাবিক দুর্গন্ধও ছড়িয়ে পড়েছিল, যা শ্রমিকদের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেয়।

কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। যেসব শ্রমিক ওই এলাকাগুলো থেকে এসেছেন, তাদের মধ্যেই অসুস্থতার ঘটনা বেশি দেখা গেছে। পানির নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানির সংস্পর্শে আসার ফলে ফুড পয়জনিংয়ের মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করছে। নিরাপত্তার স্বার্থে কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পানির নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ