Views Bangladesh Logo

৭ জেলায় বড় আকারে ছড়িয়েছে প্রাণঘাতী হাম, শতাধিক শিশুর মৃত্যু

দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অন্তত সাতটি জেলায় বড় আকারে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক রোগ। সবচেয়ে বেশি আক্রান্তের হার দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোর জেলায়।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি এবং নজরদারির দুর্বলতার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের জন্য ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।

রোববার সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০০ শিশুর মৃত্যু হয়েছে। বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে।

তিনি বলেন, তারেক রহমান পরিস্থিতি পর্যালোচনায় দুই মন্ত্রীকে সারা দেশ ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

চিকিৎসকদের মতে, হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। প্রথমে জ্বর, পরে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়, যা ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতা তৈরি হয়ে তা প্রাণঘাতী হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ