বিতর্ক ছাপিয়ে ‘আওয়ার স্টিকি লাভ’-এ মজেছে দর্শক, বাংলাদেশেও তুমুল সাড়া
মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে দক্ষিণ কোরিয়ার রোমান্টিক কমেডি সিরিজ ‘আওয়ার স্টিকি লাভ’। প্রেম, স্মৃতিভ্রম, রহস্য ও অপরাধজগতের গল্প নিয়ে নির্মিত ১২ পর্বের এই সিরিজে অভিনয় করেছেন জুং হে-ইন, হা ইয়ং ও হিও সিওং-তে।
৭ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। গল্পে দেখা যায়, প্রসিকিউটর গো উন-সে গুরুতর হামলার শিকার হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এ সময় জ্যাং তে-হা নামের এক সাবেক বক্সার নিজেকে তাঁর প্রেমিক বলে দাবি করেন। এরপর তাঁদের সম্পর্ক ঘিরে নানা রহস্য সামনে আসতে থাকে। প্রেমের গল্পের পাশাপাশি অপরাধজগতের যোগসূত্রও ধীরে ধীরে উন্মোচিত হয়।
মুক্তির দ্বিতীয় সপ্তাহেই সিরিজটি নেটফ্লিক্সের নন-ইংলিশ টিভি তালিকায় শীর্ষস্থান দখল করে। ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে সিরিজটি ৭৫ লাখ ভিউ পায় এবং মোট ৮ কোটি ৮০ লাখ ঘণ্টা দেখা হয়। একই সময়ে বিশ্বের ৬৮টি দেশের শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নেয় ‘আওয়ার স্টিকি লাভ’। এর মধ্যে ২৬টি দেশে সিরিজটি ছিল এক নম্বরে।
তবে সিরিজটির মুক্তির পরপরই অভিনেত্রী হা ইয়ংকে ঘিরে বিতর্ক তৈরি হয়। তাঁর প্রপিতামহের জাপানপন্থী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। প্রথমে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিল তাঁর এজেন্সি। পরে ঐতিহাসিক নথি সামনে আসার পর অবস্থান পরিবর্তন করে প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করে। হা ইয়ংও ব্যক্তিগতভাবে ক্ষমা চান।
বিতর্কের জেরে অভিনেত্রীর কয়েকটি প্রচারণামূলক আয়োজন বাতিল হলেও সিরিজটির দর্শক আগ্রহে তাৎক্ষণিক বড় প্রভাব পড়েনি। বরং মুক্তির পর কয়েক সপ্তাহ ধরে নেটফ্লিক্সের জনপ্রিয় তালিকায় অবস্থান ধরে রাখে ‘আওয়ার স্টিকি লাভ’। ফলে রোমান্স, রহস্য ও থ্রিলের মিশেলে নির্মিত এই সিরিজটি কোরিয়ান বিনোদনপ্রেমীদের মধ্যে আলোচনায় জায়গা করে নিয়েছে।
মতামত দিন