Views Bangladesh Logo

জনগণের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার। এই সরকার কৃষক, মা-বোন, মসজিদের ইমাম-খতিবসহ সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।


তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। এজন্যই আমাদের অঙ্গীকার— ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।”


মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে কেউ কৃষিতে যুক্ত না থাকলেও প্রতিটি পরিবারের কেউ না কেউ এই খাতের সঙ্গে সম্পৃক্ত। দেশে প্রায় চার কোটি পরিবারের কোনো না কোনো সদস্য কৃষি কাজ করেন।


তিনি জোর দিয়ে বলেন, কৃষকরা যদি সমৃদ্ধ হন এবং ভালো থাকেন, তবেই পুরো বাংলাদেশ ভালো থাকবে।


নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র তুলে ধরে তারেক রহমান জানান, প্রথম পর্যায়ে দেশের ২২ হাজার কৃষকের কাছে ‘কৃষক কার্ড’-এর সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ করেছে। কৃষক কার্ড বিতরণের মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে বন্যার অতিরিক্ত পানি সংরক্ষণ করে পরবর্তীতে কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া নারীদের স্বাবলম্বী করতে এবং মা-বোনদের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়েও তিনি আলোকপাত করেন। 


তিনি জানান, ইতোমধ্যে এই কার্ডের পাইলট প্রকল্প শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব নারীপ্রধান পরিবারে এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার। ​


প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষে বলেন, এখন দেশ গড়ার উপযুক্ত সময়। বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ