পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না ওসমান হাদি
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে কিছু থাকছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চপর্যায়ের সভায় এই বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বিষয়টি নিয়ে কোনো এজেন্ডাও ওঠেনি।
জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধ অবলম্বনে নতুন পাঠ প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠেও পরিবর্তন আসছে — বর্তমান চার নেতার সঙ্গে এবার যুক্ত হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। তবে এই পাঠে ওসমান হাদির নাম থাকছে না।
বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার বলেন, ‘আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিকের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পূর্ণ, আমাদের সম্পাদনার কাজ শেষ, বাকি কার্যক্রম শুরু হবে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শরীফ ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।’
প্রাথমিকের পাঠ্যবই সম্পাদনার সামগ্রিক অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ শেষ হয়েছে। তবে সরকার ঘোষিত চতুর্থ শ্রেণির জন্য নতুন দুটি বইয়ের সম্পাদনা এখনও বাকি, যার কর্মপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম আগামী ১০ আগস্টের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মতামত দিন