অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সিনেমা আহ্বান
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সিনেমা বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে দেশের সিনেমা পাঠানোর লক্ষ্যে নির্মাতাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি।
আগ্রহী নির্মাতারা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, নির্ধারিত অনলাইন ফরম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে জুরি বোর্ড একটি সিনেমাকে বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানোর জন্য নির্বাচন করবে।
চূড়ান্তভাবে নির্বাচিত সিনেমার নাম আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের নির্ধারিত যোগ্যতা ও নিয়ম অনুসরণ করতে হবে।
আবেদনযোগ্য সিনেমাটি অবশ্যই ৪০ মিনিটের বেশি দৈর্ঘ্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে হবে। কাহিনিচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও বিবেচনার জন্য জমা দেওয়া যাবে। সিনেমার সংলাপের অর্ধেকের বেশি বাংলায় হতে হবে এবং ইংরেজি ভাষায় যথাযথ সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।
এ ছাড়া সিনেমাটি ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে টানা কমপক্ষে সাত দিন প্রদর্শিত হতে হবে। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই কোনো সিনেমা ওটিটি, টেলিভিশন কিংবা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবে।
আগামী ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৯তম আসর। গত বছর বাংলাদেশের পক্ষ থেকে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল। এবার কোন সিনেমা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তা জানতে অপেক্ষা করতে হবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
মতামত দিন