Views Bangladesh Logo

অস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নির্মাণে কঠোর বার্তা

চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে চলমান বিতর্কের মধ্যে অস্কার পুরস্কারের নিয়মে বড় পরিবর্তন এনেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

নতুন নিয়ম অনুযায়ী, অভিনয় বিভাগে শুধু মানুষের প্রকৃত অভিনয়ই অস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তিতে তৈরি কোনো অভিনয়কে 'কৃত্রিম অভিনয়' হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
চিত্রনাট্য বিভাগেও মানব-রচিত বিষয়বস্তু বাধ্যতামূলক করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হিসেবে ব্যবহার করা গেলেও মূল সৃজনশীলতার কর্তৃত্ব থাকতে হবে মানুষের হাতে।

একাডেমি জানিয়েছে, চলচ্চিত্র নির্মাণে সহায়ক হাতিয়ার হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে কোনো বাধা নেই, তবে তা যেন মূল সৃজনশীল প্রক্রিয়াকে প্রতিস্থাপন না করে।

এ ছাড়া নতুন নিয়মে অভিনয় বিভাগে একজন শিল্পী একই শাখায় একাধিক মনোনয়ন পাওয়ার সুযোগ পাবেন। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগেও জমা দেওয়ার নীতিতে শিথিলতা আনা হয়েছে, যাতে একাধিক আন্তর্জাতিক উৎসবে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রও মনোনয়নের যোগ্যতা পায়। কারিগরি বিভাগ ও ভোট প্রক্রিয়ায়ও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন অস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ন্ত্রণ এবং মানব সৃজনশীলতার গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠার একটি স্পষ্ট বার্তা।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ