পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় অধ্যাদেশ আসছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে আইন মন্ত্রণালয়।
এই উদ্যোগ সম্পর্কিত অধ্যাদেশ প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলেও জানান তিনি।
শনিবার (১২ এপ্রিল) খুলনার হোটেল সিটি ইনে ‘বাংলাদেশে বিচার বিভাগীয় স্বাধীনতা এবং দক্ষতা’ শীর্ষক আঞ্চলিক সেমিনারে বিচার বিভাগীয় প্রধান বলেন, বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ সফলভাবে বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করছে সুপ্রিম কোর্ট ও অন্তর্বর্তী সরকার।
যৌথভাবে সেমিনারটির আয়োজন করে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি বাংলাদেশ।
প্রধান বিচারপতি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপের বিভিন্ন দিক বাস্তবায়নে আন্তরিক সহায়তা দিচ্ছে। সরকারের সক্রিয় প্রচেষ্টার জন্য ধন্যবাদ’।
‘উচ্চ আদালতে বিচারপতিদের দ্রুত নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে। এজন্য সরকারকে বিশেষ ধন্যবাদ জানাই’- বলেন তিনি।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানান, সরকারের সহায়তায় আদালতে মামলাজট কমাতে বিভিন্ন স্তরে নতুন বিচারিক পদ তৈরি করা হয়েছে।
তিনি বলেন, বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রাথমিক কাজও সম্পন্ন হয়েছে। দুটি বিশেষ কমিটি যতো তাড়াতাড়ি সম্ভব কক্সবাজারে সুপ্রিম কোর্ট গবেষণা ইনস্টিটিউট চালুর কাজও করছে।
আঞ্চলিক সেমিনারগুলো রোডম্যাপ বাস্তবায়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। এই আলোচনার ভিত্তিতে সুপ্রিম কোর্ট শিগগিরই বিচার বিভাগের সামগ্রিক আধুনিকীকরণে কৌশলগত পরিকল্পনার কাজ শুরু করবেন বলেও জানান প্রধান বিচারপতি।
তিনি বলেন, কৌশলগত পরিকল্পনার সফল বাস্তবায়ন জুলাই-পরবর্তী বাংলাদেশে বিচার বিভাগের নতুন যাত্রা সম্পূর্ণ এবং বিচার ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে