Views Bangladesh Logo

কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া আদেশ অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখা থেকে সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে এনবিআরের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সাময়িকভাবে স্থগিতের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব পণ্য আমদানিতে বন্ড সুবিধা বাতিল এবং ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার মাধ্যমে আমদানির যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা অধিকতর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট আদেশটি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে এনবিআরের গত ৭ সেপ্টেম্বর জারি করা আদেশের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই আদেশের নম্বর ৫১/২০২৬/কাস্টমস/৫১৯। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আদেশটির প্রভাব ও সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে পুনরায় পর্যালোচনা করা প্রয়োজন।

মন্ত্রণালয়ের রফতানি-৮ শাখার উপপ্রধান মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার ও ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিতের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

এর ফলে সংশ্লিষ্ট কটন সুতা আমদানিকারকদের মধ্যে এনবিআরের আদেশটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা পর্যালোচনার সুযোগ তৈরি হলো। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে পরবর্তী সময়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ