ইউএনও সাবরিনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশ খারিজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে করা আদালত অবমাননার (সিভিল ভায়োলেশন) মামলায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ খারিজ করেছেন জেলা জজ আদালত। একইসঙ্গে ইউএনওর লিখিত আপত্তি গ্রহণ করে ভায়োলেশন মামলার কার্যক্রম পুনরায় চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনওর করা দেওয়ানি রিভিশনের পরিপ্রেক্ষিতে জেলা জজ মো. ইকবাল হোসেন গত ১৭ সেপ্টেম্বর এ আদেশ দেন। এতে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতের (চৌকি আদালত) আগের আদেশ খারিজ করে ইউএনওর লিখিত আপত্তি গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
শাহজাদপুরে ১৯৮৩ সালের থানা কমপ্লেক্সের জন্য অধিগ্রহণ করা জমির মালিকানা নিয়ে স্থানীয় চৌকি আদালত ও উপজেলা পরিষদের মধ্যে আইনি বিরোধের জেরে ইউএনওর বিরুদ্ধে সিভিল ভায়োলেশন মামলা হয়। পরে ওই মামলায় ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন শাহজাদপুর চৌকি আদালত। একইসঙ্গে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতের নথি অনুযায়ী, অসুস্থতা ও মামলার প্রস্তুতির জন্য হাজির হতে না পারায় চিকিৎসা সনদসহ আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছিলেন ইউএনও। তবে সেই আবেদন নামঞ্জুর করে মামলার কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
পরে ইউএনও জেলা জজ আদালতে দেওয়ানি রিভিশন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর দেওয়া আদেশে জেলা জজ আদালত বলেন, উভয় পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সমান সুযোগ দেওয়ার স্বার্থে ইউএনওর লিখিত আপত্তি গ্রহণ করে মামলার কার্যক্রম পুনরায় এগিয়ে নেওয়া যুক্তিসঙ্গত।
এর আগে গত ১৪ জুলাই শাহজাদপুর চৌকি আদালতের সেরেস্তাদার ইউএনও সাবরিনা শারমিনের বিরুদ্ধে মিস ভায়োলেশন মামলা করেন। পরে ১৯ জুলাই ইউএনও লিখিত আপত্তি দাখিল করেন।
লিখিত আপত্তিতে ইউএনও বলেন, সরকারপক্ষকে যথাযথ শুনানির সুযোগ না দিয়েই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে যথাযথভাবে নোটিশও দেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।
লিখিত আপত্তিতে শাহজাদপুর চৌকি আদালত সম্পর্কে করা কিছু মন্তব্যকে আপত্তিকর ও অবমাননাকর বিবেচনা করে ইউএনওকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অসুস্থতা ও মামলার প্রস্তুতির জন্য সময় চাইলেও তা নামঞ্জুর করা হয়েছিল। পাশাপাশি জেলা জজ আদালতে মামলা স্থানান্তরের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার আবেদনও খারিজ করা হয়।
জেলা জজ আদালতের ১৭ সেপ্টেম্বরের নতুন আদেশে আগের বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ খারিজ হওয়ায় ইউএনও সাবরিনা শারমিনের বিরুদ্ধে ওই নির্দেশ আর বহাল থাকল না। একইসঙ্গে ভায়োলেশন মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগও পুনর্বহাল হলো।
মতামত দিন