Views Bangladesh Logo

ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের জন্য আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর ১৩ এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক তিন মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তিন মামলায় আসামিদের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ মোট ১৬ জনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ পাওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ