Views Bangladesh Logo

অপ্রতিম হত্যাকাণ্ড: রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি, স্থগিত ক্লাস-পরীক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপ্রতিমের হত্যাকাণ্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিম হত্যার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

রোববার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। দীর্ঘ সময় তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালান।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি গহীন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

ময়নাতদন্ত শেষে শনিবার রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ