Views Bangladesh Logo

অপ্রতিম হত্যা: আসামিদের বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির প্রকৃত বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা। একই সঙ্গে অপ্রতিম হত্যার সঙ্গে কিশোর গ্যাং ও আগের কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ড. শীলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

ড. কামরুন নাহার শীলা বলেন, তিনি রোববার রাত ১২টা পর্যন্ত অপ্রতিমের মায়ের সঙ্গে ছিলেন। তার কাছ থেকে কিছু তথ্য জানতে পেরেছেন। মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে ফাহাদ নামে একজন প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বেতনে কাজ নিয়েছিলেন বলেও জানান তিনি।

ড. শীলা বলেন, অপ্রতিমের মা সহকারী প্রক্টর থাকাকালে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছিলেন। ওই সময় কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল। তাঁদের মধ্যে দুজন তুহিনের কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন বলে তিনি জানতে পেরেছেন।

ড. শীলার ভাষ্য, অপ্রতিমের মা চান, ওই ঘটনার প্রতিশোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে কি না, পুলিশ তা তদন্ত করে দেখুক। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

গ্রেপ্তার আসামিদের মধ্যে যাদের অপ্রাপ্তবয়স্ক দাবি করা হচ্ছে, তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে যাচাইয়ের দাবি জানান ড. শীলা। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তান। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের তৎপরতায় অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হওয়ায় তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা অপরাধপ্রবণ হয়ে উঠেছে। মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দ্রুত দমন করতে হবে। বিশ্ববিদ্যালয় যেন শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য নিরাপদ থাকে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নির্মম। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অপ্রতিম হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের তথ্য জানান। তাঁরা হলেন সাইফুল ইসলাম তুহিন (১৯), ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর এবং মো. সিয়াম (১৯)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিয়াম ছাড়া অপর তিনজন রোববার রাতে কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন বিশ্ববিদ্যালয়ের অদূরের একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অপ্রতিমের হাতে থাকা আইফোনের ক্ষুদে বার্তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিন এবং পরে অন্যদের আটক করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ