বিরোধী দলের দাবিগুলো সংসদে আলোচনা করেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ বিরোধী দলের বিভিন্ন দাবি সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে শুধু আগামীকাল রোববার (১৫ মার্চ) সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে আবার অধিবেশন শুরু হবে এবং পুরো এপ্রিল মাসজুড়ে তা চলবে।
তিনি আরও জানান, জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতেই এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে