Views Bangladesh Logo

বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ইস্যুতে মতপার্থক্যের জেরে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও এর অধিবেশন আহ্বান নিয়ে দীর্ঘ আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এতে অসন্তোষ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

আলোচনায় অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ও সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা স্পষ্ট সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন।

তিনি প্রস্তাব দেন, এ সংকট সমাধানে গঠিত বিশেষ কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তা কার্যকর হবে। কিন্তু এ বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা না পাওয়ায় হতাশা তৈরি হয়েছে বলে জানান তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, বিষয়টি এখনো আলোচনাধীন এবং পরবর্তী প্রস্তাবের মাধ্যমে এ নিয়ে আরও আলোচনা করা হবে।

তিনি ওয়াকআউট না করে আলোচনায় থাকার আহ্বান জানান। তবে স্পিকারের বক্তব্য শেষ হওয়ার আগেই বিরোধী সদস্যরা প্রতিবাদ জানিয়ে সংসদ ত্যাগ করেন।

বিরোধীদলের সদস্যদের অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, উত্থাপিত মুলতবি প্রস্তাবটি প্রক্রিয়াগতভাবে সঠিক ছিল না। সংসদীয় বিধি অনুযায়ী, যে বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য, তা মুলতবি প্রস্তাবের আওতায় আনা যায় না এবং এ বিষয়ে ভোটাভুটিরও সুযোগ নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ