Views Bangladesh Logo

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সোমবার রাতে চিফ হুইপ নরুল ইসলাম মনি সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপনের পর বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

সংসদে চিফ হুইপ জানান, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত কমিটিতে বিএনপির সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সদস্যদের একজন করে এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা ছিল। তবে বিরোধী দল সদস্যদের নাম না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্য রেখে আপাতত ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হয়। পরে বিরোধী দল নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।

এর জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, তারা কখনোই এই কমিটিতে সদস্য দেওয়ার প্রতিশ্রুতি দেননি। তার ভাষায়, কমিটি গঠনের ধারণাগত ভিত্তিই তারা গ্রহণ করেন না। তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো গণভোটের ফল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই অঙ্গীকার থেকেই তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাই গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে তা তারা মেনে নেবেন না।

শফিকুর রহমান আরও বলেন, গণতন্ত্রে জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা। তার দাবি, প্রায় ৬৮ দশমিক ৬ শতাংশ মানুষ যে মতামত দিয়েছেন, সেটিকে উপেক্ষা করা হলে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। তাই জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে তারা শুধু কমিটিতে অংশ নেবেন না, বরং এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করছেন।

বক্তব্য শেষে রাত ৯টা ২৫ মিনিটে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ