Views Bangladesh Logo

শেষ সময়ে এসে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়া, বিলের কপি আগে না দেওয়া এবং সরকারি দলের তুলনায় কম সময় বরাদ্দের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার (২৮ জুন) বাজেট অধিবেশনের বৈঠকের শেষ দিকে এ ঘটনা ঘটে।

দিনের কার্যসূচি অনুযায়ী বাজেটের ওপর সাধারণ আলোচনায় সর্বশেষ বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর প্রতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।

এরপর সম্পূরক কার্যসূচিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন এবং পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল উত্থাপন করা হয়। আগে নোটিশ ছাড়া বিল উত্থাপনের বিষয়ে আপত্তি জানায় বিরোধী দল। তবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সময় মার্জনা করে বিল দুটি গ্রহণ করেন এবং সেগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিল উত্থাপনের পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ চান। তবে ডেপুটি স্পিকার জানান, ওই মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব নয়। ৩০০ বিধিতে স্থানীয় সরকারমন্ত্রীর একটি বিবৃতি রয়েছে, সেটি আগে উপস্থাপন করা হবে।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য সুখবর আছে।’ তবে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করলে ডেপুটি স্পিকার বলেন, ‘বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!’

এরপর বিরোধী দলের সদস্যদের ‘ওয়াকআউট করলাম’ বলতে বলতে সংসদ কক্ষ ত্যাগ করতে দেখা যায়।

পরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, তিনি তার বিবৃতি সোমবার উপস্থাপন করবেন। এরপর ডেপুটি স্পিকার বৈঠক মুলতবি ঘোষণা করেন।

ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, বিরোধী দলকে কম সময় দেওয়া, বিলের কপি আগে সরবরাহ না করা এবং পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না দেওয়ার প্রতিবাদেই তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ