সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট
জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ওয়াকআউটের ঘোষণা দিয়ে তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।
এর আগে চলতি অধিবেশনেও দুই দফা ওয়াকআউট করে বিরোধী দল। গত ১২ মার্চ প্রথম দিন এবং ১ এপ্রিল দ্বিতীয়বার তারা সংসদ থেকে বের হয়ে যান।
এদিন বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয় এবং পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর প্রতিক্রিয়ায় বিরোধী দল ওয়াকআউট করে।
ওয়াকআউটের পর সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, আইন প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে বিরোধী দলের সদস্যরা অংশ নিয়েছেন, এমনকি কেউ কেউ সমর্থনও দিয়েছেন। সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে যোগ দেবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে