ক্ষমতার ভাগ নিশ্চিত করতেই সংস্কারের কথা বলে বিরোধীদল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিরোধী দল শুধু সেই সংস্কারের কথাই বলে, যেটি তাদের ক্ষমতার ভাগ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বিরোধীদের কোনো আগ্রহ নেই।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল মাঝেমধ্যেই সংস্কার ও জুলাই সনদের কথা বললেও স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তারা কখনও আলোচনা করেনি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন অনেক চিন্তাভাবনা করে সুপারিশ দিয়েছে। বিরোধী দল যদি সেই প্রতিবেদনের ওপর সংসদে আলোচনা করত, তাহলে আমি খুশি হতাম।
দেশের স্বাস্থ্য খাতের প্রধান চ্যালেঞ্জ তুলে ধরে এম এ মুহিত বলেন, বর্তমানে দেশে প্রায় ৭১ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগের কারণে হচ্ছে। এছাড়া ভবিষ্যতে অতিমারি ও মহামারির ঝুঁকিও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবার মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। অথচ থাইল্যান্ডে এ হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটের মূল লক্ষ্য ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করা। সরকার এমন একটি সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সহজলভ্য ও বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করা হলেও এই বাজেটে অপরিকল্পিতভাবে নতুন হাসপাতাল বা ভবন নির্মাণের কোনো পরিকল্পনা রাখা হয়নি। বরং বিদ্যমান স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মতামত দিন