বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর
বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।
সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের অনেক সদস্যই সংসদীয় কার্যপ্রণালীর মৌলিক বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। কোন বিধিতে কীভাবে কথা বলতে হয় বা কোন ইস্যুতে কীভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়—এ বিষয়ে তাদের ঘাটতি রয়েছে।
তিনি প্রস্তাব করেন, বিরোধী দলকে সংসদীয় রীতিনীতি শেখাতে বিশেষ কর্মশালার আয়োজন করা যেতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল কখনোই জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারেনি, ফলে তাদের মধ্যে হতাশা থাকাটা স্বাভাবিক। নির্বাচনের আগে নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হওয়া রাজনৈতিক ব্যর্থতার উদাহরণ।
মন্ত্রী দাবি করেন, সর্বশেষ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে বিভ্রান্তির রাজনীতি প্রতিহত করেছে। তিনি বলেন, জনগণের একটি বড় অংশ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে এবং বিএনপির প্রস্তাবিত কাঠামোর প্রতিও সমর্থন জানিয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বর্তমান সংসদ কোনো দয়ার দান নয়, বরং দীর্ঘ সংগ্রামের ফল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে অসংখ্য মামলার মুখোমুখি হয়েছি এবং একাধিকবার কারাবরণ করেছি।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত গণতন্ত্রকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নষ্ট হতে দেওয়া হবে না। জনসমর্থনহীন রাজনীতি পরিহার করে গঠনমূলক ভূমিকা পালন করুন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে