কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কুমিল্লা সার্কিট হাউজের বরাদ্দকৃত কক্ষজুড়ে উইপোকার উপস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে সেখানে রাত্রিযাপন না করে অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার রাতে ১১-দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছান তিনি। রাত্রিযাপনের জন্য কুমিল্লা সার্কিট হাউজের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি তার জন্য বুকিং করা হয়।
দলীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে কক্ষে বিশ্রাম নিতে গিয়ে তিনি পুরো কক্ষের বিভিন্ন স্থানে প্রচুর উইপোকা দেখতে পান। আসবাবপত্র ও ব্যবহারের কম্বলসহ বিভিন্ন জায়গায় উইপোকার উপস্থিতি দেখে তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি বিকল্প কম্বলও চান।
তবে তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তন বা প্রয়োজনীয় ব্যবস্থা করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পরও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় একপর্যায়ে সার্কিট হাউজ ত্যাগ করে অন্যত্র রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা।
এ ঘটনায় ওই কক্ষের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে কক্ষের বিভিন্ন স্থানে উইপোকার উপস্থিতি দেখা যায়।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, আধুনিক ও সুসজ্জিত ভবন হওয়া সত্ত্বেও কুমিল্লা সার্কিট হাউজে ভিআইপি অতিথিদের আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। বিকল্প কক্ষের ব্যবস্থা না হওয়ায় ডা. তাহেরকে সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করতে হয়েছে।
এ বিষয়ে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরের বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন