২৪ জুলাই আসছে ওপ্পো কে ১৫, থাকছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ওপ্পো তাদের নতুন স্মার্টফোন ওপ্পো কে ১৫ উন্মোচনের তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ জুলাই সকাল ১০টায় (চীন সময়) দেশটির বাজারে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। ইতোমধ্যে কোম্পানির নিজস্ব অনলাইন স্টোরে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে ওপ্পো কে১৫ প্রো ও ওপ্পো কে১৫ প্রো প্লাস বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।
উন্মোচনের আগেই ওপ্পোর অনলাইন স্টোরে প্রকাশিত তথ্য থেকে ফোনটির নকশা, রঙ এবং প্রধান বৈশিষ্ট্য জানা গেছে।
নতুন এই স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। এতে ৮০ ওয়াটের তারযুক্ত দ্রুত চার্জিং, বাইপাস চার্জিং সুবিধা এবং ব্যাটারির কার্যকারিতা বাড়াতে গ্লেসিয়ার ব্যাটারি এনার্জি গ্যাদারিং চিপ ব্যবহার করা হয়েছে।
ফোনটি অতিরিক্ত গরম হয়ে যেন কর্মক্ষমতা হারিয়ে না ফেলে, সে জন্য এতে সক্রিয় কুলিং ফ্যান এবং প্রায় ৪ হাজার ৯৫০ বর্গমিলিমিটারের ভেপার চেম্বার কুলিং ব্যবস্থা রাখা হয়েছে।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ সুপার অক্টাকোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ওপ্পোর নিজস্ব টাইডাল ইঞ্জিন প্রযুক্তি। প্রাথমিকভাবে ১২ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ সংরক্ষণক্ষমতা সমৃদ্ধ সংস্করণ বাজারে পাওয়া যাবে। রঙের ক্ষেত্রে থাকছে গেল গ্রে এবং র্যাপিড হোয়াইট।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, চীনের বাইরে ফোনটি বাজারে এলে ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ সংস্করণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার থেকে ৫৩ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে এটি নির্ভর করবে ফোনটি আনুষ্ঠানিকভাবে নাকি আমদানির মাধ্যমে বাজারে আসে তার ওপর।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫৯ ইঞ্চির সমতল পর্দা। পাশাপাশি আইপি৬৯ মানের সুরক্ষা থাকায় এটি ধুলাবালি ও পানির বিরুদ্ধে উচ্চমাত্রার প্রতিরোধ ক্ষমতা দেবে।
ছবি তোলার জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সমর্থিত প্রধান ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের অতিপ্রশস্ত (আল্ট্রাওয়াইড) ক্যামেরা। সামনের দিকে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
এ ছাড়া আরও নিখুঁত অবস্থান নির্ণয়ের জন্য ফোনটিতে দ্বৈত-ফ্রিকোয়েন্সির জিপিএস এবং ত্রৈমুখী বেইডৌ নেভিগেশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
মতামত দিন