গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ১০০ জন আটক
গাজীপুরে চালানো ‘অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও ১০০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন সাবেক সংসদ সদস্য (এমপি) এবং আওয়ামী লীগ নেতা রয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতের এই অভিযানে গাজীপুর জেলা পুলিশ ২১ জন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৭৯ জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি চয়ন ইসলাম এবং কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনকে শ্রীপুর থেকে আটক করা হয়েছে। এ ছাড়াও রাতে উত্তরা থেকে যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এ ব্যাপারে সোমবার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. জাবের সাদেক জানান, গতকাল রাতে গাজীপুর জেলা পুলিশের অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের সবাই আওয়ামী লীগ সরকারের সদস্য ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার আলমগীর হোসেন বলেন, গতকাল মধ্যরাত পর্যন্ত মেট্রোপলিটনের আট থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করেছে। ফলে গাজীপুরে গত দুইদিনে মোট ১৮০ জনকে আটক করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে