Views Bangladesh Logo

সাফজয়ী সুলিভানদের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্য উদ্‌যাপন ও খেলোয়াড়দের সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে জানিয়েছে, চ্যাম্পিয়ন দলকে আজ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর দলকে বিশেষ ছাদখোলা বাসে করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়ে হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে।

দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানায় ফেডারেশন সংশ্লিষ্টরা। শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে।

বাফুফের ঘোষণা অনুযায়ী, আজ রাত ৭টা ৩০ মিনিটে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সেখানে বাফুফে কর্মকর্তাদের পাশাপাশি ক্রীড়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন।

অনুষ্ঠানে সাধারণ দর্শক ও সমর্থকদেরও অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাফুফে। সংবর্ধনাকে কেন্দ্র করে পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দিতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশে আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ফুটবলারদের ছাদখোলা বাসে বরণ করার প্রথা সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগে নারী ফুটবল দল ও অন্যান্য বয়সভিত্তিক দলের সাফল্যেও একই ধরনের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ