সোমবার থেকে চালু হচ্ছে না খুলনা-যশোর-মোংলা রুটে ট্রেন চলাচল
সোমবার (১ জানুয়ারি) থেকে খুলনা-যশোর-মোংলা রুটে যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল চালু হচ্ছে না। কাজ বাকি থাকায় রেললাইনটি পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘১ জানুয়ারি থেকে ট্রেন চালু হচ্ছে না। রেললাইনে এখনও কিছু কাজ বাকি রয়েছে। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও রেললাইনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি।’
তিনি আরও বলেন, ‘হস্তান্তর করতে আরও কিছুদিন সময় লাগবে। ট্রেন চলাচলের নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি।’
খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, ‘রেললাইনের কিছু কাজ বাকি রয়েছে। তা সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।’
এর আগে গত বছরের ১ নভেম্বর খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে