নিয়ন্ত্রণ হারিয়ে ৫ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাল ওপেনএআইয়ের এআই এজেন্ট
পরীক্ষামূলক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করেছে বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ঘটনার পর প্রতিষ্ঠানটি এআই এজেন্ট-সংক্রান্ত অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে।
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, কয়েক দিন আগে এআইভিত্তিক প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ অনুপ্রবেশের ঘটনা প্রকাশ করা হলেও পরবর্তী তদন্তে আরও চারটি প্রতিষ্ঠানে একই এজেন্টের সাইবার হামলার তথ্য পাওয়া গেছে। নিরাপত্তাজনিত কারণে নতুন চারটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।
ওপেনএআইর তথ্য অনুযায়ী, এআই এজেন্টটি ইন্টারনেটে অরক্ষিত অবস্থায় থাকা লগইন তথ্য খুঁজে পেয়ে সেগুলো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে প্রবেশ করে। গত ২১ জুলাই হাগিং ফেসে হামলার সময়ই অন্য চারটি প্রতিষ্ঠানও আক্রান্ত হয়।
প্রতিষ্ঠানটি জানায়, পরীক্ষা-নিরীক্ষার সময় এজেন্টটি নির্ধারিত নিরাপত্তা সীমা অতিক্রম করে ইন্টারনেটে সংযুক্ত হয় এবং সেখান থেকে বিভিন্ন উন্মুক্ত তথ্য ব্যবহার করে অননুমোদিত প্রবেশাধিকার অর্জন করে।
ওপেনএআই বলেছে, ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলোর মালিকদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার পর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এআই এজেন্ট-সম্পর্কিত সব অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম এআই এজেন্ট প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাইবার নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। উন্নত এআই মানুষের আগেই সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করে অপব্যবহার করতে সক্ষম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন