Views Bangladesh Logo

নিরাপত্তা উদ্বেগে চ্যাটজিপিটির নতুন মডেল বাজারে না ছাড়ার সিদ্ধান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চ্যাটজিপিটির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। নিরাপত্তার নির্ধারিত মানদণ্ড পুরোপুরি পূরণ করতে না পারায় মডেলটির উন্মোচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থা বিভাগের প্রধান সাচি জেইন বলেন, ওয়েব ব্রাউজ করা এবং নিজে থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করার মতো সক্ষমতা থাকা নতুন মডেলটি নিরাপত্তার নির্ধারিত মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি।

নতুন মডেলটির সমস্যার জায়গাগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত কাজের সীমা ও অনুমোদনের মধ্যে থাকা এবং মডেলটি কী ধরনের কাজ করেছে, তা ব্যবহারকারীকে সঠিকভাবে জানানো। সাচি জেইন বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের মডেল হবে নিরাপদ, সেটা কোম্পানির ভেতরে হোক, কিংবা ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত করার ক্ষেত্রে।’

গত জুনে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার কয়েকটি ঘটনার বিষয়েও মঙ্গলবার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ওই সময় তাদের মডেল অনুমোদন ছাড়াই অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করেছিল। তবে ঘটনাটি গত সপ্তাহ পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ গত সপ্তাহে দাবি করেন, গত জুনে ওপেনএআইয়ের একটি নিয়ন্ত্রণহীন এআই এজেন্ট সরকারি ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। বিশেষজ্ঞদের কেউ কেউ ঘটনাটিকে বিশ্বে এ ধরনের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

ওপেনএআই ঘটনাটি অস্ট্রেলিয়া সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি না জানিয়ে একটি সাধারণ ইমেইল ঠিকানায় জানিয়েছিল। এ বিষয়েও প্রতিষ্ঠানটির সমালোচনা করেন আলবানিজ। পরে মঙ্গলবার ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ওপেনএআই জানায়, বিষয়টি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল।

জিপিটি-৬.১ অ্যাস্ট্রা এজেন্টিক ধরনের মডেল। এটি জটিল বিষয়ে যুক্তি প্রয়োগের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। সেপ্টেম্বরে মডেলটি উন্মোচন করে ওপেনএআই জানিয়েছিল, এটি বছরের পর বছর গবেষণা এবং বড় ধরনের বিনিয়োগের ফল।

তবে নতুন মডেল উন্মোচন না করার সিদ্ধান্তের খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তার কারণে বড় কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতার নতুন মডেল বাজারে না আনার সিদ্ধান্তকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে জুলাইয়ে ওপেনএআই জানায়, তাদের একটি এআই ব্যবস্থা ইন্টারনেটে প্রবেশ করে উন্মুক্ত উৎসের ডেভেলপার প্ল্যাটফর্ম হাগিং ফেইসে অনুপ্রবেশ করেছিল। এ ঘটনার পর এআই প্রযুক্তির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি ওঠে গবেষক ও কর্মকর্তাদের মধ্যে।

স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করতে পারে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে এআই এজেন্ট বলা হয়। এসব এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে সোমবার একটি নিরাপত্তা ব্যবস্থা বা টুলসেট উন্মোচন করেছে এআই চিপ নির্মাতা এনভিডিয়া। প্রতিষ্ঠানটির দাবি, এই ব্যবস্থা থাকলে হাগিং ফেইসে অনুপ্রবেশের মতো ঘটনা ঠেকানো সম্ভব হতো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার নতুন নিরাপত্তা ব্যবস্থা তাদের চিপের হার্ডওয়্যার সুবিধা কাজে লাগিয়ে এআই এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখবে।

এআইয়ের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণের দাবির বিরোধিতা করে আসছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। তার মতে, নিয়ন্ত্রণহীন এআই এজেন্টের সমস্যা মূলত প্রকৌশলগত এবং প্রযুক্তিগতভাবেই এর সমাধান করা সম্ভব।

চলতি মাসের শুরুতে ১২ দশমিক ৯ বিলিয়ন ডলারে হাগিং ফেইস কিনতে রাজি হয়েছে এনভিডিয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের মঙ্গলবার হোয়াইট হাউসে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বিধিবিধান নিয়ে আলোচনা হওয়ার কথা।

ট্রাম্প এআই প্রযুক্তির ঝুঁকি নিয়ে উদ্বেগকে ‘ধাপ্পাবাজি’ বলে খাটো করে দেখিয়েছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে এ বিষয়ে যথেষ্ট আইন রয়েছে। একই সঙ্গে প্রযুক্তির নিরাপত্তার প্রশ্নে একজন ‘শক্তিশালী ও বুদ্ধিমান’ প্রেসিডেন্টের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ