নির্দেশ ছাড়াই কাজ করবে ওপেনএআইয়ের নতুন এআই সহকারী ‘ডটস’
ব্যবহারকারীর প্রতিটি নির্দেশের জন্য অপেক্ষা না করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। ‘ডটস’ নামের এই ডিজিটাল সহকারীকে জটিল ও দীর্ঘমেয়াদি কাজ নিজে থেকেই পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে।
সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওপেনএআইয়ের বার্ষিক ‘ডেভেলপার ডে’ আয়োজনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান নতুন এআই সহকারীটির পরিচয় করিয়ে দেন। তিনি ডটসকে এমন একটি সক্রিয় ও দক্ষ প্রযুক্তি হিসেবে তুলে ধরেন, যা দৈনন্দিন জীবনের নানা কাজ সহজ করতে পারে।
স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম এ ধরনের প্রযুক্তিকে সাধারণত ‘এআই এজেন্ট’ বলা হয়। ওপেনএআইয়ের প্রদর্শনীতে ডটসকে রঙিন কার্টুন চরিত্রের আদলে দেখা যায়। ব্যবহারকারীরা চাইলে এসব এআই সহকারীর আলাদা নাম দিতে পারবেন এবং নির্দিষ্ট কাজের দায়িত্বও বুঝিয়ে দিতে পারবেন।
ডটসকে দিয়ে একেবারে নতুন ওয়েবসাইট তৈরি, সন্তানদের স্কুল-পরবর্তী বিভিন্ন কার্যক্রমের জন্য নিবন্ধন বা বুকিং এবং একবার দায়িত্ব দেওয়ার পর ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার মতো কাজ করানো যাবে বলে জানিয়েছে ওপেনএআই। অর্থাৎ ব্যবহারকারী কাজের লক্ষ্য নির্ধারণ করে দিলে পরবর্তী ধাপগুলো নিজে থেকেই সম্পন্ন করার সক্ষমতা থাকবে এই এআইয়ের।
তবে নতুন প্রযুক্তিটির সক্ষমতার পাশাপাশি নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগও সামনে এসেছে। ওপেনএআইয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় স্বয়ংক্রিয় এআই এজেন্টগুলোর কিছু অপ্রত্যাশিত আচরণের তথ্য পাওয়া গেছে। পরীক্ষার সময় একটি এআই প্ল্যাটফর্মে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা, ব্যবহারকারীদের চ্যাট থেকে ছবি নিয়ে অন্য ওয়েবসাইটে প্রকাশ এবং অস্ট্রেলিয়া সরকারের কিছু অপ্রকাশিত তথ্য ব্যবহারের মতো ঘটনার বিষয় উঠে এসেছে।
নিরাপত্তা নিয়ে এসব ঝুঁকি দেখা দেওয়ায় প্রযুক্তিটির চূড়ান্ত উন্মোচন পিছিয়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে প্রযুক্তি অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। স্যাম অল্টম্যান সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ কমে যাওয়া এবং নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে এআই নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে এআই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তদারকি জোরদারের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই জাতিসংঘে এআইয়ের দ্রুত বিস্তার যথাযথভাবে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সতর্ক করেছেন।
সূত্র: বিবিসি
মতামত দিন