কেনাকাটার জন্য চ্যাটজিপিটিতে এলো ‘ওয়ালেট’ সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কেনাকাটায় নতুন উদ্যোগ নিয়েছে ওপেনএআই। ব্যবহারকারীর হয়ে পণ্য খোঁজা, পছন্দ অনুযায়ী কেনাকাটার পরামর্শ দেওয়া এবং অর্থ পরিশোধের ব্যবস্থা করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটির এআই এজেন্ট ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কেনাকাটার প্রায় পুরো প্রক্রিয়া পরিচালনা করতে পারবে। তবে প্রতিটি কেনাকাটার চূড়ান্ত অনুমোদন দিতে হবে ব্যবহারকারীকে।
শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সেবার ঘোষণা দেয় ওপেনএআই। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহকের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। এ জন্য তাঁদের যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেসের যোগ্য পেমেন্ট কার্ড থাকতে হবে। সেবাটি ব্যবহার করা যাবে ওপেনএআইয়ের ‘ডটস’ নামের এআই এজেন্টের মাধ্যমে।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারী প্রথমে চ্যাটজিপিটি ওয়ালেটে নিজের সমর্থিত ব্যাংক কার্ড যুক্ত করবেন। এরপর ডটস এজেন্টকে প্রয়োজনীয় পণ্যের বিবরণ জানালে সেটি পণ্য খুঁজে দেওয়া, বিভিন্ন বিকল্পের তুলনা করা এবং কেনাকাটার পরবর্তী ধাপগুলোতে সহায়তা করবে। একবার কার্ড যুক্ত করা হলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে কার্ডের তথ্য দিতে হবে না।
তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো কেনাকাটা সম্পন্ন হবে না। অর্থ পরিশোধের আগে কোন পণ্য কেনা হচ্ছে, মোট খরচ কত এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা যাচাই করার সুযোগ থাকবে। এরপর ফেস আইডি কিংবা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে লেনদেনের অনুমোদন দিতে হবে। প্রতিটি অনুমোদিত কেনাকাটার রেকর্ডও সংরক্ষিত থাকবে।
চ্যাটজিপিটি ওয়ালেটের অন্যতম বৈশিষ্ট্য হলো পেমেন্ট টোকেন প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারীর প্রকৃত কার্ড নম্বর, নিরাপত্তা কোড ও মেয়াদসংক্রান্ত তথ্যের পরিবর্তে একটি বিকল্প ডিজিটাল টোকেন ব্যবহার করে অর্থ পরিশোধ করা হবে। ফলে কেনাকাটার সময় এআই এজেন্ট কিংবা বিক্রেতা কেউই ব্যবহারকারীর মূল কার্ডের তথ্য দেখতে পারবে না।
অন্যদিকে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিক্রেতার কাছে প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের তথ্য পৌঁছে দেবে এআই এজেন্ট। ওপেনএআই জানিয়েছে, এ ব্যবস্থায় কেনাকাটা করলেও গ্রাহকের প্রচলিত ক্রেডিট কার্ড সুবিধা বহাল থাকবে। অর্থাৎ কার্ডের মাধ্যমে কেনাকাটায় পাওয়া রিওয়ার্ড বা পুরস্কার এবং নির্দিষ্ট ক্ষেত্রে লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বজায় থাকবে।
প্রাথমিক পর্যায়ে প্রতিটি কেনাকাটায় ব্যবহারকারীর সরাসরি অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এআই এজেন্টকে আরও বেশি স্বাধীনভাবে কেনাকাটার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। সে ক্ষেত্রে ব্যবহারকারী আগেই ব্যয়ের সর্বোচ্চ সীমা, পণ্যের ধরন এবং কেনাকাটার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে পারবেন। নির্ধারিত শর্তের মধ্যে এআই এজেন্ট নিজেই কেনাকাটা সম্পন্ন করতে পারবে।
এদিকে এআইনির্ভর কেনাকাটার বিস্তারে অনলাইন বিক্রেতাদের সম্পৃক্ত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআই এজেন্টের মাধ্যমে পণ্য অনুসন্ধান ও কেনাকাটা পরিচালনার উপযোগী করতে বিভিন্ন প্রযুক্তিগত নির্দেশনা এবং টুল যুক্ত করা হয়েছে।
তবে এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটা জনপ্রিয় করার ক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে। কিছু অনলাইন বিক্রেতা নিজেদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও এ ধরনের কেনাকাটায় বাধা দিচ্ছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের নিজস্ব এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় উৎসাহিত করতে চায়।
এদিকে এআইনির্ভর কেনাকাটার বাজারে প্রতিযোগিতা বাড়ছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের সেবায় এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা এখনো তুলনামূলক কম। অন্যদিকে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ব্যবহারকারীদের জনপ্রিয় কার্যক্রমগুলোর একটি হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই চ্যাটজিপিটি ওয়ালেট চালু করেছে ওপেনএআই।
মতামত দিন