Views Bangladesh Logo

কিশোরদের জন্য আলাদা সংস্করণের চ্যাটজিপিটি চালু করেছে ওপেনএআই

 VB  Desk

ভিবি ডেস্ক

১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য আলাদা সংস্করণের চ্যাটজিপিটি চালু করেছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর টিনস’ নামের এই সংস্করণে আত্মহানি, আত্মহত্যা, সহিংসতা, খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা ও যৌন বিষয়বস্তুর মতো সংবেদনশীল কনটেন্টে বাড়তি নিয়ন্ত্রণ রাখা হয়েছে। একই সঙ্গে সন্তান কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করছে, তা ঘিরে অভিভাবকদের জন্যও নতুন কিছু নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, সিস্টেমে কোনো ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হিসেবে শনাক্ত হলে অথবা ব্যবহারকারী নিজেই ১৩ থেকে ১৭ বছর বয়সের কথা জানালে তাকে স্বয়ংক্রিয়ভাবে কিশোরদের জন্য নির্ধারিত সংস্করণে নেওয়া হবে। এর ফলে বয়সভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী কনটেন্ট প্রদর্শন ও চ্যাটের ধরন নিয়ন্ত্রিত হবে।

নতুন ব্যবস্থায় কিশোরদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত আবেগনির্ভর সম্পর্ক তৈরি হওয়া ঠেকাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। চ্যাটবটকে যেন মানুষের বাস্তব সম্পর্কের বিকল্প হিসেবে উপস্থাপন করা না হয়, সে বিষয়েও বাড়তি সতর্কতা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অভিভাবকদের জন্যও যুক্ত করা হয়েছে বেশ কিছু সুবিধা। তারা নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে সন্তানের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন। এরপর মেমোরি ও চ্যাটের ইতিহাসসহ কিছু সেটিংস নিয়ন্ত্রণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ রাখার সময়সূচিও নির্ধারণ করা যাবে। তবে সাধারণ অবস্থায় সন্তানের ব্যক্তিগত কথোপকথন সরাসরি দেখার সুযোগ থাকবে না। গুরুতর আত্মহানির ঝুঁকি শনাক্ত হলে নির্দিষ্ট পরিস্থিতিতে অভিভাবকদের সতর্ক করা হতে পারে।

পড়াশোনার ক্ষেত্রেও কিশোরদের জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে। ‘স্টাডি মোড’-এর মাধ্যমে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে ধাপে ধাপে বিষয়টি বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি। এর সঙ্গে কুইজসহ বিভিন্ন শিক্ষামূলক সরঞ্জামও থাকবে।

তরুণদের মধ্যে জেনারেটিভ এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ার প্রেক্ষাপটেই নতুন এই সংস্করণ এনেছে ওপেনএআই। অপ্রাপ্তবয়স্কদের অনুপযুক্ত কনটেন্ট থেকে সুরক্ষা, চ্যাটবটের ওপর অতিরিক্ত মানসিক নির্ভরতা এবং শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হলো। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও আইনি চাপও কিশোরদের জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ