সংবেদনশীল তথ্য অপব্যবহারের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা ও ঝুঁকি বিষয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যেই সংবেদনশীল তথ্য নির্ধারিত প্রক্রিয়ার বাইরে ব্যবহার করার অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।
সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্ত হওয়া তিন কর্মীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ওপেনএআই।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে তাঁরা প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবেদনশীল তথ্যের অপব্যবহার করেছেন। এতে আমাদের নীতিমালার লঙ্ঘন ও আস্থার সংকট তৈরি হয়েছে, যা আমাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত তিন গবেষক হলেন জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাঁরা এএফপির অনুরোধে সাড়া দেননি।
তিনজনই সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআইয়ের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করে আসছিলেন।
গত মাসে ২৭ বছর বয়সী গবেষক জ্যাকব কক্সন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি সতর্ক করে বলেছিলেন, ওপেনএআইসহ শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতায় নেমে ‘আমাদের জীবন নিয়ে জুয়া খেলছে’।
মতামত দিন