Views Bangladesh Logo

ফ্রি ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে সুখবর, থাকছে না চ্যাটিং লিমিট

 VB  Desk

ভিবি ডেস্ক

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে ওপেনএআই। এখন থেকে ফ্রি ও চ্যাটজিপিটি গো অ্যাকাউন্টধারীরা কোনো ধরনের বার্তার সীমা ছাড়াই একেবারে বিনামূল্যে যতখুশি টেক্সট চ্যাটিং করতে পারবেন।

তবে টেক্সট চ্যাটিং ছাড়া অন্যান্য ফিচার ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা কার্যকর থাকবে। যেমন প্রম্পটে কোনো ফাইল বা ছবি সংযুক্ত করা, ছবি তৈরি করা কিংবা ভয়েস মোড ব্যবহারের ক্ষেত্রে ফ্রি ও গো অ্যাকাউন্টধারীদের আগের মতোই সীমা পার হলে সাময়িক বিধিনিষেধের মুখে পড়তে হবে।

এই সপ্তাহেই ফ্রি ও গো গ্রাহকদের জন্য নতুন ডিফল্ট মডেল হিসেবে যুক্ত হচ্ছে ফ্ল্যাগশিপ ‘জিপিটি-৫.৬’ সিরিজের সবচেয়ে হালকা সংস্করণ ‘জিপিটি-৫.৬ লুনা’, যা প্রতিস্থাপন করবে চলতি বছর মে মাস থেকে ব্যবহৃত ‘জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট’ মডেলকে। ওপেনএআইয়ের দাবি অনুযায়ী, আগের মডেলের তুলনায় নতুন এই মডেলে তথ্যগত ভুলের হার প্রায় ৬২ শতাংশ কম।

নতুন ফিচারের অংশ হিসেবে ব্যবহারকারীরা দেখতে পাবেন একটি ‘থিংক’ বাটন, যা সক্রিয় করলে জটিল কোনো প্রশ্নের বিস্তারিত বিশ্লেষণের জন্য অতিরিক্ত সময় নিয়ে চিন্তা করবে জিপিটি-৫.৬ লুনা। ফাইল বা ছবি সংযুক্ত না করে শুধু টেক্সটে আলাপ চালিয়ে গেলে ব্যবহারকারীরা পাবেন সম্পূর্ণ সীমাহীন সুবিধা।

ফ্রি ও গো অ্যাকাউন্টের পাশাপাশি পেইড সেবা ‘প্লাস’ ও ‘প্রো’ গ্রাহকদের জন্যও বড় আপডেট এনেছে প্রতিষ্ঠানটি। এখানে কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল ‘জিপিটি-৫.৬ সল’-কে দৈনন্দিন কাজে আরও কার্যকর করে সাজানো হয়েছে। ওপেনএআই জানিয়েছে, আপগ্রেড হওয়া এই মডেল এখন থেকে আরও নির্দিষ্ট ও প্রাসঙ্গিক উত্তর দেবে, প্রশ্নের ধরন বুঝে উত্তরের দৈর্ঘ্য ঠিক করবে এবং অপ্রয়োজনীয় ফরম্যাটিং এড়িয়ে চলবে। পাশাপাশি ব্যবহারকারীর বক্তব্যে কোনো ভুল থাকলে সেটিকে অন্ধভাবে সমর্থন না করে যৌক্তিক সংশোধনও তুলে ধরবে মডেলটি। কোম্পানির অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, আগের মডেলের তুলনায় নতুন সল মডেলে তথ্যগত ভুল প্রায় ৬৮ শতাংশ কমেছে।

প্লাস ও প্রো গ্রাহকদের জন্য যুক্ত হয়েছে একটি বিশেষ ‘স্লাইডার’ সুবিধাও, যার মাধ্যমে ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন কোনো প্রশ্নের উত্তর তৈরির ক্ষেত্রে মডেলটি কতটা সময় ও গভীরতা নিয়ে চিন্তা করবে।

শুধু টেক্সট চ্যাটিংয়ের ক্ষেত্রে হলেও ব্যবহারের সীমা পুরোপুরি তুলে নেওয়াকে ওপেনএআইয়ের একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করেন চ্যাটজিপিটি, আর প্রতিদ্বন্দ্বী বিভিন্ন এআই প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় ব্যবহারকারী ধরে রাখার কৌশল হিসেবেই এই সিদ্ধান্তকে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সার্ভার ও ডেটা প্রসেসিংয়ের বড় খরচ সত্ত্বেও কীভাবে এটি সম্ভব হলো, সে বিষয়ে সরাসরি কিছু না জানালেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, খরচ কমানোর প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ওপেনএআই।

এই উদ্যোগ প্রসঙ্গে ওপেনএআই জানিয়েছে, সবার জন্য এআই প্রযুক্তি সহজলভ্য করাই তাদের এই পদক্ষেপের মূল লক্ষ্য, যাতে সাধারণ মানুষ যেকোনো প্রশ্ন বা আইডিয়া নিয়ে কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যেতে পারেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ