গণিতের জটিল ধাঁধা সমাধানের দাবি করল ওপেনএআই
প্রায় এক শতাব্দী ধরে অমীমাংসিত থাকা একটি গাণিতিক সমস্যা সমাধানের দাবি করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট ঘোষিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেমের’ একটি ‘নেভিয়ার-স্টোকস’ সমস্যার সমাধান তারা খুঁজে পেয়েছে।
তবে দাবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক ট্রিস্টান বাকমাস্টার বলেছেন, তিনি ও অ্যানথ্রোপিকের গবেষক লেভেন্ত আলপোগে সমস্যাটির একটি সংশ্লিষ্ট রূপ সমাধানের কাছাকাছি পৌঁছানোর খবর পেয়েই ওপেনএআই দ্রুত কাজ শুরু করে। তাঁর আশঙ্কা, তাঁদের অসম্পূর্ণ গবেষণার তথ্য এআই মডেলে ব্যবহৃত হয়ে থাকতে পারে। ওপেনএআই এই অভিযোগ অস্বীকার করলেও পরে দুই গবেষকের সংশ্লিষ্ট (কিন্তু ভিন্ন) কাজের অগ্রাধিকার স্বীকার করে যৌথ ঘোষণার প্রস্তাব দেয়।
ওপেনএআই জানায়, তাদের নতুন, অপ্রকাশিত একটি অভ্যন্তরীণ এআই মডেল—যা জিপিটি-৬ অ্যাস্ট্রার চেয়েও শক্তিশালী—প্রায় ১০ হাজার এআই এজেন্ট ব্যবহার করে ৮৮ ঘণ্টায় সমাধানে পৌঁছায়। প্রমাণটি পরে ‘লিন’ প্রোগ্রামিং ভাষায় যাচাই করা হয়।
নেভিয়ার-স্টোকস সমীকরণ তরল পদার্থের গতিবিধি বর্ণনা করে। ওপেনএআইয়ের প্রমাণ দেখায়, নির্দিষ্ট পরিস্থিতিতে মসৃণ ত্রিমাত্রিক তরল প্রবাহ ভেঙে পড়তে পারে—শক্তি সীমিত থাকা সত্ত্বেও একটি ঘূর্ণি ক্রমশ সংকুচিত ও ত্বরান্বিত হয়ে অসীম গতিতে পৌঁছাতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
মতামত দিন