ওপেনএআই-এর এমডি হলেন উবার ইন্ডিয়ার সাবেক প্রধান প্রভজিৎ সিং
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই [OpenAI]-এর ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রযুক্তি ও ব্যবসায়িক নির্বাহী প্রভজিৎ সিং। বেশ কয়েক বছর ধরেই এ অঞ্চলে ব্যবসা বিস্তারের ওপরে জোর দিয়ে আসছিল চ্যাটজিপিটি-র মূল সংস্থাটি। সেই লক্ষ্যেই সিংকে নিয়োগের কথা জানিয়েছেন ওপেনএআই-এর কর্ণধার স্যাম অল্টম্যান।
এর আগে তিনি রাইড শেয়ারিং কোম্পানি উবারের ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
এই নিয়োগের ফলে, ভারতে ওপেনএআই-এর সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হলেন সিং। দায়িত্বে থাকাকালীন তিনি ওপেনএআই-এর গ্রাহক বৃদ্ধি এবং অংশীদারিত্ব বিষয়ক ইস্যুগুলি দেখবেন।
সম্প্রতি ভারতে এআই-এর গুরুত্ব ক্রমশ বাড়ছে এবং দেশটি ওপেনএআই-এর জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রমাণিত হচ্ছে, কারণ চ্যাটজিপিটি (ChatGPT), এন্টারপ্রাইজ এপিআই (API) এবং ডেভেলপার তৈরির ক্ষেত্রে ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় বাজার হিসেবে প্রতিয়মান হচ্ছে। ভারত এইমুহূর্তে চ্যাটজিপিটি ব্যবহারের একটি প্রধান চালিকাশক্তি এবং স্টার্টআপ, বৃহৎ প্রতিষ্ঠান এবং সরকারি দক্ষতা উন্নয়ন উদ্যোগের কাছে ওপেনএআই-এর পৌঁছানোর কেন্দ্রবিন্দু।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন মডেল জিপিটি-৫.৬ উন্মোচনের পরপরই ওপেনএআই-এর এই নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা আসল।
ওপেনএআই বলেছে, নতুন মডেলে আগের তুলনায় আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। বিশেষ করে ক্ষতিকর ব্যবহার ঠেকাতে মডেলের ভেতরেই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির জানিয়েছে, জিপিটি-৫.৬ সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরোধমূলক কাজে বেশি সহায়তা করবে। তবে ক্ষতিকর কাজে ব্যবহারের ঝুঁকি কমাতে বাড়তি সতর্কতা রাখা হয়েছে। জিপিটি-৫.৬ সিরিজের তিনটি মডেলের মধ্যে সল হবে সবচেয়ে উন্নত। টেরা হবে ভারসাম্যপূর্ণ এবং লুনা হবে তুলনামূলক দ্রুত ও কম খরচের সংস্করণ।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রভজিৎ সিং-এর এই নিয়োগ ওপেনএআই ব্যাংকিং, আইটি পরিষেবা, শিক্ষা এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে ভারতের প্রবেশের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। গ্রাহক পর্যায়ে প্রসারের মধ্য দিয়ে উবার ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিং-এর অভিজ্ঞতা ওপেনএআই-এর জন্য প্রাসঙ্গিক হবে বলেও মনে করছেন তারা।
ওপেনএআই সেফটি স্ট্যাকের বাইরে সল (Sol)-এর প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি। সংস্থাটি বলেছে, আপগ্রেড করা সুরক্ষা ব্যবস্থাগুলো স্বয়ংক্রিয়ভাবেই সক্রিয় থাকে। প্রভজিৎ সিং-এর নিয়োগ এবং একইসাথে একটি সুরক্ষিত মডেল প্রকাশের মাধ্যমে ওপেনএআই দুটি বিষয়ের দিকে ইঙ্গিত করছে: ভারতের বাজারে আরও গভীর প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য আরও শক্তিশালী ব্যবস্থা।
মতামত দিন