ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দল নয়, কেবল একটি দলই ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন চায়।
বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরাম ২০২৫-এ ভাষণ প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস তার বক্তৃতায় জোর দিয়ে বলেন, তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই এবং তিনি একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জাপানের প্রতি 'নতুন বাংলাদেশ' গঠনে সহযোগিতার আহ্বান জানান।
টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত এই ফোরামের উদ্বোধনী দিনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ড. ইউনূস। বক্তৃতায় তিনি বাংলাদেশের জুলাই মাসের রাজনৈতিক পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং জাতীয় সংস্কার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময় তিনি জাপানসহ অন্যান্য এশীয় দেশের প্রতি আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, আমি আশা করি, জাপান আমাদের নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় পাশে থাকবে। এশীয় দেশগুলোকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক নির্ভরশীলতাকে সহযোগিতায় রূপান্তর করা, সংঘাতে নয়; সমৃদ্ধিতে বিনিয়োগ করা।
পরবর্তী প্রশ্নোত্তর পর্বে ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়াও, বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেন তিনি, যা বাংলাদেশের অর্থনীতিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
সাধারণ নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ডিসেম্বরেই নির্বাচন চায় শুধুমাত্র একটি রাজনৈতিক দল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এত দ্রুত নির্বাচন আয়োজন অর্থবহ সংস্কারকে ব্যাহত করতে পারে।
তিনি বলেন, আমার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। আমি একটি নির্বাচিত সরকারকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব। কিন্তু ডিসেম্বরেই তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করলে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। আরও ছয় মাস সময় পেলে সেই সংস্কার আরও কার্যকর ও স্থায়ী হতো। তা সত্ত্বেও, কেবল একটি দলই ডিসেম্বরের নির্বাচনের জন্য জোর দিচ্ছে।
তিনি আরও নিশ্চিত করেন, নির্ধারিত সময় ও নির্বাচনকে ঘিরে নানা উদ্বেগ থাকলেও, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে