অনলাইন আয়কর রিটার্ন দাখিল শুরু, জুলাই-সেপ্টেম্বরে জমা দিলে মিলবে ৫ শতাংশ প্রণোদনা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করেছে। বুধবার (২২ জুলাই) থেকে চালু হওয়া এ ব্যবস্থার মাধ্যমে করদাতারা ঘরে বসেই রিটার্ন দাখিল, কর পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।
এনবিআর জানিয়েছে, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২০২১ সালে চালু হওয়া ই-রিটার্ন ব্যবস্থা এখন ব্যাপক জনপ্রিয়। ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা ডিজিটাল করসেবার প্রতি করদাতাদের বাড়তি আগ্রহের প্রতিফলন।
বিশেষ আদেশের মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।
এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কোনো ব্যক্তি অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। এনবিআরের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করা যাবে। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে।
এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে। এছাড়া অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমেও সেবা দেওয়া হবে। ২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তি করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ হারে কর প্রণোদনা পাবেন। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
অন্যদিকে, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
মতামত দিন